কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধুর অকাল মৃত্যুতে দুঃখভারাক্রান্ত এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেছেন, সমাজের সঙ্গে অভিমান করেই পৃথিবী ছেড়ে চলে গেছেন মিনার মাহমুদ।
শুক্রবার দুপুরে উত্তরার তিন নম্বর সেক্টরের লেক মসজিদে মিনারের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রয়াত সাংবাদিকের কলেজ জীবনের বন্ধু আজাদ।
’৮০ এর দশকের আলোচিত সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনারের লাশ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মিনারের সঙ্গেই ফরিদপুরের রাজেন্দ্র কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন জানিয়ে আজাদ বলেন, ১৯৭৮ সালে ওই কলেজ থেকে দুজনই এইচএসসি পাস করে বের হন।
৫০ বছর বয়সী মিনারের জন্ম ফরিদপুর শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের এই ছাত্র আশির দশকের মাঝামাঝি সময়ে সাপ্তাহিক ‘বিচিত্রা’য় লেখালেখির মধ্য দিয়ে শিল্প-সংস্কৃতি-সাংবাদিকতা জগতে পা রাখেন।
মিনার সম্পর্কে তিনি বলেন, “ছোট বেলা থেকেই লেখালেখি করত মিনার। সে ছিল অত্যন্ত মেধাবী।”
সামরিক শাসনবিরোধী লেখালেখির কারণে ৮৮ সালের জানুয়ারিতে মিনার গ্রেপ্তার হন। বন্ধ হয়ে যায় সাপ্তাহিকটির প্রকাশনা।
১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন হলে ১৯৯১ সালের ১০ ফেব্রুয়ারি আবার প্রকাশ হয় ‘বিচিন্তা’। তবে সে বছরই প্রকাশনা বন্ধ করে আমেরিকা চলে যান মিনার।
আমেরিকায় প্রবাস জীবন থেকে দেশে ফিরে আসার জন্য মিনারকে উৎসাহ দেওয়ার কথা জানান এ কে আজাদ।
তিনি বলেন, “দুই সপ্তাহ আগেও তার সঙ্গে কথা হয়। বিচিন্তা চালু করে একটি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেয় মিনার। পরে আমি ওই টাকা শোধ করি।”
দীর্ঘ দেড় যুগ পর ২০০৯ সালে মিনার দেশে ফেরেন। ২০১০ সালের ১০ অক্টোবর আবার শুরু হয় ‘বিচিন্তা’র প্রকাশনা। কিন্তু গত বছরের মার্চে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে যান।
হঠাৎ করে মিনারের মৃত্যু সম্পর্কে আজাদ বলেন, “সমাজ ও আমাদের সঙ্গে অভিমান করে চলে গেছে মিনার।”
এ কে আজাদের পাশে দাঁড়িয়ে ছিলেন মিনারের স্কুল ও কলেজ জীবনের বন্ধু ব্যবসায়ী জাকির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিনারের সঙ্গে ফরিদপুর হাইস্কুলে পড়েন তিনি। ১৯৭৬ সালে ওই স্কুল থেকে তিনি ও মিনার এসএসসি পাস করেন।
এটিএন নিউজের নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর প্রভাষ আমিন বলেন, “আমার সাংবাদিকতার হাতেখড়ি হয়েছে মিনার ভাইয়ের হাত ধরে।”
ময়নাতদন্ত ও উত্তরায় জানাজা পর্যন্ত সব সময় লাশের সঙ্গে ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এমআই/২৩২৫ ঘ.
bdnews24