২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে গ্রেপ্তারের প্রতিবাদে ‘অবরোধ’, অতপরঃ মুক্তি

ট্রাফিক আইন ভাঙার দায়ে এক চালককে জরিমানা ও গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা থেকে ১৮টি রুটে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

খুলনা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাফিক আইন ভাঙার দায়ে এক চালককে জরিমানা ও গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা থেকে ১৮টি রুটে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাহী কমকর্তা মো. কামরুল হাসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে ডুমুরিয়া মহিলা কলেজের সামনে অবস্থান নেয়। সাড়ে ১১টায় ওই সড়ক দিয়ে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাসকে ভ্রাম্যমাণ আদালত থামতে বললে চালক না থামিয়ে চলে যায়। পরে বাসটিকে অনুসরণ করে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে বাসটির গতিরোধ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রাফিক আইন অমান্য করার দায়ে বাস চালক সুলতান মাহমুদকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার তিন হাজার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি বেলা ১২টা থেকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ১৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা বাস চালকের জরিমানা কমানো এবং চালককে ছেড়ে দেওয়ার দাবি জানান। বিকেল চারটা পর্যন্ত সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও বরিশালসহ ১৮টি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন জানান, জরিমানা কমিয়ে দুই শ’ টাকা করায় এবং চালককে ছেড়ে দেওয়ায় পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৩৯ ঘ.