সিরাজগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আওয়ামী লীগ নেতা গোলাম আজম ও শাহাজাহান আলী হত্যা মামলার রায়ে তিন জনের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুস সালেকের দেওয়া রায়ে আরো ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন বেলকুচির রাজাপুর গ্রামের মো. কুরান আলী ভূঁইয়ার ছেলে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া (৬০), সমেশপুর গ্রামের মৃত খোরশেদ আলী আকন্দের ছেলে শাহজামাল আকন্দ (৪৫) এবং টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের গফুর নাইয়্যার ছেলে আব্দুল মমিন (৫০)।
এর মধ্যে মমিন পলাতক। তিনি চরমপন্থী দল সর্বহারা পার্টির নেতা বলে পুলিশ জানায়।
যাবজ্জীবন সাজা হয়েছে- বেলকুচির বৈলগাছি গ্রামের রহিজউদ্দিন ওরফে টিপু মাস্টার (৫৫), রাজাপুর গ্রামের আব্দুর রশীদ শেখ (৫০) ও মোহাম্মদ হেলাল (৪৫), ফুলবাড়ি গ্রামের ইসমাঈল হোসেন (৪২), বড়-বেড়াখারুয়া চর গ্রামের নুরু শেখ (৫০), কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের গফুর নাইয়্যার (৬০)।
এদের মধ্যে টিপু মাস্টার ও হেলাল পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরো ৬ মাস কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৪ আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান রানা।
২০০১ সালের ৩১ জুলাই স্থানীয় স্কুল পরিচালনা পর্ষদের সদস্য পদে নির্বাচনী প্রচার চালানোর সময় বেলকুচির চক-মোকিমপুরের বটতলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম আজম (৪০) ও শাহাজাহান আলীকে (৩৩) গুলি চালিয়ে হত্যা করা হয়।
আইনজীবী রানা বলেন, হত্যাকারীরা সর্বহারা পার্টির শ্লোগান দিয়ে স্থান ত্যাগ করে। ঘটনার দিনই বেলকুচি থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ তদন্তের পর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24