সিলেট, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো চার জন।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাস্টার মো. আব্দুর রব (৪৭) জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার সেক্রেটারি। তিনি সিলেট সদর উপজেলার মইয়ারচর গ্রামের মরহুম আকমল আলীর ছেলে। অপর নিহত আব্দুল কুদ্দুস মোল্লার (৫০) বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই কামাল উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কের হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরেকটি লেগুনা পেছন থেকে লেগুনাটিকে ধাক্কা দিলে রব ও মোল্লা গুরুতর আহত হন।
চিকিৎসাধীন অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে আব্দুর রব ও সিলেট ওসমানী হাসপাতালে মোল্লা মারা যান। আহতদের মধ্যে নিজাম উদ্দিন খান নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ গাড়িটি আটক করেছে।
সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় মইয়ারচর জুনিয়র হাইস্কুল মাঠে আব্দুর রবের জানাজা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৩ ঘ.
bdnews24