সাতক্ষীরা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রতিশ্র“তি দিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
সাঈদ মেহেদী নামে ওই যুবক কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান।
বুধবার দুপুরে সাতক্ষীরার হোটেল সম্রাট থেকে তাকে আটক করা হয়।
খালাতো বোনকে চাকরি পাইয়ে দেওয়ার ফাঁদে পড়ে প্রায় ৮ মাস আগে মেহেদীর সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা বলছেন, ধর্ষণের বিষয়টি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের কাছে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
এদিকে, ধর্ষণের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মেয়েটিকে ফুসলিয়ে সাতক্ষীরা নিয়ে গিয়ে আবাসিক হোটেলে ওঠেন মেহেদী। বুধবার স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।
থানায় সাঈদ মেহেদী সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, “আমি মেয়েটিকে বিয়ে করতে চাই। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক বলে করতে পারছি না।”
সাতক্ষীরা সদর থানার ওসি আসলাম খান বলেন, “সাঈদ মেহেদীর বউ-সন্তান রয়েছে। কিশোরী ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৩ ঘ.
bdnews24