২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটি খুঁড়ে মিললো তালাবদ্ধ ‘শতবর্ষী’ সিন্দুক

চাঁদপুরের পুরানবাজার এলাকায় একটি ভবনের কক্ষের মেঝে খুঁড়ে শতবছর পুরনো তালাবদ্ধ সিন্দুক উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চাঁদপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের পুরানবাজার এলাকায় একটি ভবনের কক্ষের মেঝে খুঁড়ে শতবছর পুরনো তালাবদ্ধ সিন্দুক উদ্ধার করা হয়েছে। পুরানবাজার নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন ভূঁইয়া জানান, বুধবার বিকাল ৩টার দিকে পুরানবাজারে একটি ভবনের কক্ষের মেঝের নিচে ওই সিন্দুকটি পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, সিন্দুকটি অন্তত একশ’ বছরের পুরনো হতে পারে। এদিকে এটি পাওয়ার পরপরই পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে ‘অনেক সম্পদে ভরা একটি পুরনো সিন্দুক’ পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই দলে দলে লোকজন সিন্দুকটি দেখতে ভিড় জমাতে শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে পুলিশও মোতায়েন করা হয়। ভবনের মালিক সাইখুল ইসলাম দেওয়ান বলেন, নিচতলায় ‘সততা ভাণ্ডার’ দোকানের একটি কক্ষের মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা সিন্ধুকটির সন্ধান পান। সেটি তালাবদ্ধ থাকায় এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারিদিকে গুজব ছড়িয়ে পড়ায় পুলিশ সেখানে অবস্থান নেয়। কিন্তু সিন্দুকটি ভাঙার পর এর ভেতরে কিছু পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৮৫৪ ঘ.