পঞ্চগড়, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের বোদায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিতা বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী এ সময় বাঘের আক্রমণে অন্তত সাত জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী ধরধরা গ্রামের লোকজন চিতাটিকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে।
গ্রামবাসী জানায়, সকালে গ্রামবাসী গোরস্থানের পাশে একটি গমক্ষেতে বাঘটিকে শুয়ে থাকতে দেখে লাঠিসোটা নিয়ে ঘিরে রেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা এসে বড় জাল দিয়ে বাঘটিকে পাকড়াও করার চেষ্টা করে। এ সময় বাঘের আক্রমণে সাত জন আহত হন। এক পর্যায়ে লোকজন পিটিয়ে বাঘটিকে মেরে ফেলে।
বাঘের আক্রমণে আহত আব্দুল কাদের (২২), তার ভাই সাদ্দাম আলী (১৮), মঞ্জু (৯), সোহরাব উদ্দিন (৫০), নাসির উদ্দিন (২২) ও তরুণ সরকার (৩০) সহ সাত জনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন বিভাগের দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা আব্দুল মজিদ জানান, খুব সম্ভবত চিতাটি ভারতীয় এলাকা থেকে পথ ভুলে বা খাবারের সন্ধানে বাংলাদেশে ঢুকে পড়েছিলো।
৬ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘ্যরে ও ২ ফিট ৪ ইঞ্চি উচ্চতার বিরল প্রজাতির এ চিতাটির মৃতদেহ বন বিভাগের দিনাজপুর বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে চামড়াটি সংরক্ষণ করা হবে বলে জানান আব্দুল মজিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮২৮ ঘ.
bdnews24