সাভার, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্বামী রায়েন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
নিহত নাছিমা আক্তার (২৪) সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকার মৃত আক্কাস বেপারীর কন্যা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, রায়েন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স¤প্রতি তিনি ব্যবসার পাশাপাশি সেবনও শুরু করেন। স্ত্রী এসব কাজে বাধা দেওয়ায় একাধিকবার তাদের মধ্যে হাতাহাতি হয়েছে।
সর্বশেষ বুধবার সকালে নাছিমাকে মারধরের পর গলা টিপে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় রায়েন মিয়া। পরে পরিবারের লোকজন রায়েনকে আটক করে পুলিশে খবর দেয়।
মৃতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান এসআই আলমগীর।
বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নাছিমার বড় ভাই লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাছিমা প্রায়ই তার স্বামীর অপরাধের প্রতিবাদ করতো। এ কারণে প্রায়ই নাছিমাকে তার স্বামী মারধর করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১৯ ঘ.
bdnews24