২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-বাবার দেখাশোনায় কেন আইন নয়: হাই কোর্ট

সন্তানরা যাতে বয়স্ক মা-বাবার দেখাশোনা এবং ভরণ-পোষণ দেয়, তা নিশ্চিত করতে আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্তানরা যাতে বয়স্ক মা-বাবার দেখাশোনা এবং ভরণ-পোষণ দেয়, তা নিশ্চিত করতে আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এই রুল জারি করে। তিন সপ্তাহের মধ্যে আইন সচিব ও সমাজকল্যাণ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বৃদ্ধ বয়সে পিতা-মাতার ভরণ-পোষণে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে মঙ্গলবার গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল জাহিদ মুকুল রিট আবেদনটি দায়ের করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। ফরিদুজ্জামান ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত সরকারকে এই মর্মে কারণ দর্শাতে বলেছে যে, কেন বৃদ্ধ বয়সে পিতা-মাতার মাতার ভরণ-পোষণ ও দেখাশোনায় আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না।” তিনি বলেন, বয়স্ক অনেকেরই উপার্জনের উপায় থাকে না, আর থাকলেও তাদের পরিবারের সঙ্গ প্রয়োজন হয়। কিন্তু সন্তানরা সে দায়িত্ব উপেক্ষা করায় অনেকেই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য হয়। এই কারণে আইনের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয় বলে জানান ফরিদুজ্জামান। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭২০ ঘ.