ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ উৎপাদন বাড়ার পরও লোডশেডিং হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। এ জন্য প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টাকে দায়ী করেছেন তিনি।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার সাড়ে তিন বছরে মোট তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরও শুধু অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ ক্ষেত্রে জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরীর নাম উল্লেখ না করে নাসিম বলেন, “তিনি যে ব্যবস্থায় বিদ্যুৎ ক্ষেত্রটি চালাচ্ছেন, তা ত্রুটিপূর্ণ। এভাবে চলতে পারে না। অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিদ্যুৎ ক্ষেত্র পরিচালনা করতে হবে।”
বিদ্যুতের ঘাটতি লাগবে ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির পরামর্শও দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম।
বর্তমান সরকার আমলে বিদ্যুৎ বেড়ে ৬ হাজার মেগাওয়াটে উন্নীত হলেও তা চাহিদার চেয়ে প্রায় ১ হাজার মেগাওয়াট কম হওয়ায় লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
বিদ্যুতের লোডশেডিং নিয়ে নাসিমের আগে আওয়ামী লীগের সংসদ সদস্যরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরতে বিদ্যুতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আপনার চেষ্টার কোনো ত্রুটি নেই। আশা করি, আপনি দ্রুত এ সমস্যার সমাধান করবেন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘ষড়যন্ত্র করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না’ শীর্ষক এ আলোচনা সভায় নাসিম ছাড়াও বক্তব্য রাখেন অভিনেতা আকবর আলী পাঠান ফারুক, কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক এম এ করীম, বঙ্গবন্ধু একাডেমির হুমায়ুন কবীর মিজি, অভিনেতা ড্যানি সিডাক।
বিএনপিকে ধন্যবাদ
হরতাল প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, “আমরা শুধু সমালোচনাই করি না, ভালো কাজের জন্য সাধুবাদও জানাই। হরতালের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদে আপনাদের মনের কথা বলুন। প্রয়োজনে সংসদে আমাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করুন।”
“আমরা আপনাকে আরো ধন্যবাদ জানাব যেদিন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আপনি যুদ্ধাপরাধীদের বিচার চাইবেন,” যোগ করেন তিনি।
নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ পূণ্যস্নান উৎসবের কারণে ২৯ মার্চের হরতাল প্রত্যাহার করে বিএনপি।
বিরোধী দলের সংসদ বয়কটের হুমকির প্রতিক্রিয়ায় সাবেক সংসদ সদস্য নাসিম বলেন, “পরবর্তী অধিবেশনে যোগ না দিলে প্রমাণিত হবে বিএনপি বেতন ভাতার জন্য সংসদে গিয়েছিল।”
টানা ৭৭ দিবস বর্জনের পর সংসদের চলতি অধিবেশনে বিএনপি ফিরলেও বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আইএসআইয়ের অর্থ নেওয়া সংক্রান্ত সরকারি দলের সংসদ সদস্যদের ‘মিথ্যা’ বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া না হলে বৃহস্পতিবার থেকে পুনরায় অধিবেশন বয়কট করবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24