২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো

আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার পুরনো অভিযোগপত্রের আসামিদের সাক্ষ্য নতুন করে শোনার আবেদন করায় আদালত ৯ এপ্রিল আদেশের দিন রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আইনজীবীদের আবেদনে ২১ অগাস্ট গ্রেনেড মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে গেছে। তিন আসামির আইনজীবী এ মামলার পুরনো অভিযোগপত্রের আসামিদের সাক্ষ্য নতুন করে শোনার আবেদন করায় আদালত ৯ এপ্রিল আদেশের দিন রেখেছে। বুধবার এ মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক ও অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদার আইনজীবীরা এই আবেদন করেন। এছাড়া বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে তার আইনজীবী আদালতে জানান, তার মক্কেল অসুস্থতার কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন, তিনি পলাতক নন। এ বিষয়ে স্পিকারের একটি চিঠিও তিনি আদালতে দাখিল করেন। বিচারক শাহেদ নূর উদ্দিন আইনজীবীদের বক্তব্য শুনে আদেশের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেন। ফলে এ মামলার প্রথম সাক্ষী হিসাবে আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর আদালতে উপস্থিত থাকলেও তার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়। আশরাফুল হুদার পক্ষে অ্যাডভোকেট টি এম আকবর, ডিউকের পক্ষে সানাউল্লা মিয়া এবং বাবরের পক্ষে মাহবুব আহমদ আদালতে শুনানি করেন। কায়কোবাদের পক্ষে ছিলেন তার আইনজীবী মো. বোরহান উদ্দিন। খালেদা জিয়ার ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ এ মামলার নতুন অভিযোগপত্রের ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত ১৮ মার্চ তাদের বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ওইদিন ২৮ মার্চ দিন রাখেন বিচারক। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলায় ২২ আসামির বিরুদ্ধে বিচার শুরু হলেও বর্তমান আওয়ামী লীগ সরকার সরকার ক্ষমতায় যাওয়ার পর আদালতের আদেশে এই মামলার অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন তারেকসহ ৩০ জন। নতুন ৩০ আসামির মধ্যে আরো আছেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকার কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ। জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী, সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান, সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিনও এ মামলায় অভিযুক্ত হয়েছেন। নতুন আসামিদের মধ্যে আরো আছেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও রাতুল বাবু। আগের ২২ জন আসামির মধ্যে হুজি নেতা মুফতি আব্দুল হান্নান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু রয়েছেন। তাদের নিয়ে হত্যা মামলায় আসামির সংখ্যা দঁড়িয়েয়ে ৫২ জনে। আর বিস্ফোরক মামলায় আসামির সংখ্যা ৪১ জন। তারেকের পক্ষে সরকারি আইনজীবী গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তারেক রহমানসহ পলাতক ১৫ আসামির পক্ষে ১৫ জন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। আইনজীবী নিয়োগের নথি রাষ্ট্রের পক্ষ থেকে বুধবার আদালতে দাখিল করা হয়। এ আদালতের আইনজীবীরা জানান, পলাতক আসামিরা আদালতে আÍসমর্পণ না করলে আইনি লড়াইয়ের সুযোগ পাবেন না। আর বিচারে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ফলে আইনের বিধান অনুযায়ী রাষ্ট্রকেই আসামিদের পক্ষে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ করতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪২৫ ঘ.