২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্র নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে কয়েকশ গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

কুমিল্লা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে কয়েকশ গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় অন্তত দুশ’ গাড়ি ভাংচুর করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। নিহত আলাউদ্দিন (১৩) শহীদনগরের এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। হাইওয়ে পুলিশের দাউদকান্দি ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়। আলাউদ্দিনের নিহতের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের কয়েকজন ছাত্র মহাসড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পদ্ম এক্সক্লুসিভের চালক ও সহকারী বিক্ষুব্ধ পাঁচ ছাত্রকে বেধরক মারধর করে। সাইফুল ইসলাম বলেন, “এক পর্যায়ে মহাসড়কের সংস্কার কাজের বালুর স্তুপে শাওন নামের এক স্কুলছাত্রকে মুখ চেপে ধরে বাসের লোকজন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ স্কুলছাত্রদের সঙ্গে যোগ দেয় হাসানপুর কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।” সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা শহীদনগর এলাকায় মহাসড়ক অবরোধ করে ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় বাস, ট্রাক, মাইক্রোবাস ও অ্যাম্বুুলেন্সসহ প্রায় দুশ’ গাড়ি ভাংচুর করে তারা। পরিস্থিতি শান্ত করতে সকাল সাড়ে ১০টার দিকে পদ্ম এক্সক্লুসিভের বাসটি আটক করে হাইওয়ে পুলিশ। দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার নাসের রাজস্ব তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ১ লাখ ১০ হাজার টাকা ও ট্রাক মালিকের পক্ষ থেকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে পৌনে ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। দীর্ঘক্ষণ মহাসড়ক অবরুদ্ধ থাকায় প্রচুর যানজট সৃষ্টি হয়। তবে অবরোধ তুলে নেওয়ার দু’ঘণ্টা পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানান পুরিশ কর্মকর্তা সাইফুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪২১ ঘ.