২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে শিশু অপহরণ, রংপুরে লাশ উদ্ধার

পঞ্চগড় থেকে অপহৃত এক স্কুলছাত্রকে রংপুর নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

রংপুর/পঞ্চগড়, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় থেকে অপহৃত এক স্কুলছাত্রকে রংপুর নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পঞ্চগড় শহরের রামের ডাঙ্গার নিজ বাড়ি থেকে রোববার শিশু জুয়েলকে (১০)অপহরণ করা হয়। মঙ্গলবার বিকালে রংপুর ক্যাডেট কলেজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুয়েলদের বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে মুন্নাকে (১৭) পুলিশ আটক করেছে। এদিকে এ ঘটনায় পঞ্চগড়ে বিক্ষুব্ধ জনতা সদর থানা ঘেরাও ও আক্রমণের চেষ্টা চালিয়েছে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল বসুনিয়া এবং নিহতের স্বজনরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধিকে বলেন, পঞ্চগড় সদরের রামের ডাঙ্গা গ্রামের আব্দুর রহিম খোকার ছেলে জুয়েল (১০) পঞ্চগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের বাড়িতে ভাড়া থাকে মুন্না ও তার পরিবার। রোববার মুন্না কৌশলে ভুলিয়ে জুয়েলকে রংপুরে নিয়ে যায়। সেখান থেকে ফোনে জুয়েলের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় জুয়েলের বাবা আব্দুর রহিম খোকা পঞ্চগড় সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এদিকে মুন্নার আচরণ জুয়েলের পরিবারের কাছে সন্দেহজনক হওয়ায় তারা বিষয়টি পঞ্চগড় থানায় জানায়। এরপর পুলিশ মুন্নাকে আটক করে জ্ঞিাসাবাদ করলে মুন্না হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে নিয়ে রংপুর ক্যাডেট কলেজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে জুয়েলের লাশ উদ্ধার করে। এসআই রেজাউল বসুনিয়া আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুন্নাকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। মুন্না ও তার সাঙ্গপাঙ্গরা জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। পঞ্চগড় প্রতিনিধি জানান, জুয়েলের হত্যার খবর ছড়িয়ে পড়লে বিকালে এলাকার লোকজন মুন্নার বাবা, মাসহ পরিবারের সদস্যদের হামলা করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ লোকজন মুন্নার পরিবারের সদস্যদের তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য লাঠিসোটা ও ইটপাটকেল দিয়ে থানা আক্রমণের চেষ্টা চালায়। এতে উপ-পরিদর্শক হুমায়ুন কবির ও কনস্টেবল মনছুর আলী আহত হন। লোকজন টায়ার জ্বালিয়ে ও সড়কের ওপর অবস্থান নিয়ে চলাচল বন্ধ করে দেয়। অন্তত ১০টি গাড়ি ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। পঞ্চগড় পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃত শিশুটিকে সম্ভবত সকালে হত্যা করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পঞ্চগড় আনা হবে। পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে বলেও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.