২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাব খেলেন বিক্রেতা, তারপরই অজ্ঞান

পরের জন্য পেতে রাখা ফাঁদে নিজেই পড়েছেন অজ্ঞান পার্টির এক সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরের জন্য পেতে রাখা ফাঁদে নিজেই পড়েছেন অজ্ঞান পার্টির এক সদস্য। মাথায় ঝুড়িতে করে ডাব বিক্রি করতেন ওই ব্যক্তি যে ডাব খেয়ে অজ্ঞান হয়ে পড়ত মানুষ। মঙ্গলবার ‘বাধ্য হয়ে’ নিজের ডাব খেয়ে অচেতন হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে আছেন সেই বিক্রেতা। আনুমানিক ৫০ বছর বয়সী খাটো গড়নের পাকা দাড়িঅলা এই বিক্রেতার নাম এখনো জানতে পারেনি পুলিশ। মেরাদিয়া বাজারে গত বুধবার দুপুর ১টার দিকে ১৫ টাকা দিয়ে তার কাছ থেকে একটি ডাব কিনে খেয়ে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়েছিলেন মোশারফ হোসেন নামে এক ব্যক্তি। সেদিন তিনি তার গুলশান দুই নম্বরে ‘স্টাইল অপটিকস’ থেকে রামপুরার বাসায় ফিরছিলেন। দুই দিন পর শুক্রবার নিজেকে আল রাজি হাসপাতালে বিছানায় দেখতে পান তিনি। এ প্রসঙ্গে মোশারফ বলেন, তিনি শুধু একটি ডাব খাওয়ার কথা মনে করতে পারেন। তিনি বলেন, “বুধবার আমার সঙ্গে থাকা ৩২ হাজার টাকা পাওয়া যায়নি।” এক সপ্তাহের মাথায় মঙ্গলবার দুপুরে রামপুরা বাসায় যাওয়ার পথে মেরাদিয়া বাজারে ওই ডাব বিক্রেতাকে দেখতে পান তিনি। মোশারফ বলেন, “ডাববিক্রেতা ওই দিনের ঘটনা জিজ্ঞ্যেস করতেই অস্বীকার করে বলে, ‘কতো মানুষ ডাব বিক্রি করে, আপনি ভেবে দেখেন আমি কি না’।” এরপর তিনি ডাব বিক্রেতাকে ধরে খিলগাঁও পুলিশের কাছে নিয়ে গেলেও বিক্রেতা আগের বার ডাব বিক্রির কথা কথা স্বীকার করেননি। তখন পুলিশ ওই ডাববিক্রেতার কাছে থাকা ডাব থেকে একটি বাছাই করে তাকে খেতে বলে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাব খাওয়ার কিছুক্ষণ পর ওই ব্যক্তি অচেতন হয়ে পড়েন। তিনি বলেন, “এতদিন মানুষকে ডাব খাইয়ে অচেতন করে টাকা-পয়সা হাতিয়ে নিত। কিন্তু আজ (মঙ্গলবার) নিজেই ওই ডাব খেয়ে অচেতন হয়ে পড়েন।” অচেতন ব্যক্তিকে অজ্ঞানপার্টি চক্রের সদস্য বলে জানান এসআই। অজ্ঞান পার্টির সদস্যরা সিরিঞ্জ ব্যবহার করে ডাবের ভেতর ঘুমের ওষুধ ঢুকিয়ে থাকে বলে এর আগে কয়েকটি ঘটনায় উল্লেখ করেছিলেন পুলিশ সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৩৫ ঘ.