যশোর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী এবং পরে জনতার পিটুনিতে দুই হামলাকারী নিহত হয়েছে।
যশোর-নড়াইল সড়কের হামকুড়া ব্রিজের কাছে মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিযেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে সদরের বাউলিয়া গ্রামের রউফ মাস্টার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তিনজন ৩ দুর্বৃত্ত তাকে আটকিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় রউফ মাস্টারের চিৎকারে পাশের একটি ইটভাটার ম্যানেজার শাহীন ও তার কয়েকজন কর্মচারী গিয়ে একজনকে ধরে ফেলেন। এসময় অপর দুর্বৃত্ত শাহীনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে যশোর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে স্থানীয় কয়েক গ্রামের মানুষ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.
bdnews24