২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে সংঘর্ষে মামলা: বিএনপি-জামায়াতের আসামি ৯৭

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

সাভার, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আশুলিয়া থানায় মঙ্গলবার ভোর রাতে মামলাটি দায়ের করেন আশুলিয়া থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুনসুর আলম মাদবর। দুপুরে বাইপাইল এলাকা থেকে এজাহারভুক্ত আসামি বিএনপিকর্মী মারফত আলীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্মৃতিসৌধের মূল ফটকের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ইয়ারপুর ইউপি চেয়্যারম্যান বিএনপি নেতা দেওয়ান মঈনউদ্দিন বিপ্লবের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। নবীনগর সিএনজি স্টেশন, পাশের নবীনগর ফাস্টফুড অ্যান্ড স্ন্যাক্সের দোকান, বিভিন্ন যানবাহন ভাংচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলায় আওয়ামী লীগের বহু নেতাকর্মী আহত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আসকর হোসেন দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি বাছেদ দেওয়ান, ধামসোনা ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন মোন্তা, থানা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান মোহন, সিনিয়র সহ-সভাপতি শরীফ চৌধুরী, জামায়াতের থানা সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বিএনপিকর্মী মেহেদী হ্সাান মাসুম, যুবদলের কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম, যুবদল নেতা মোশারফ হোসেন, ছাত্রদলের শুরুজ্জামান, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইলিম মো. নাজমুল হোসেন। এদিকে মামলার প্রধান আসামি দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কোনো নেতা বা কর্মী হামলা চালায়নি। কোনো যানবাহনও ভাংচুর করেনি। সোমবার সকালে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের পরপরই প্রধান ফটকের বাইরে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়কে অর্ধশত যানবাহন ভাংচুর হয়। কিছুক্ষণের জন্য ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় অন্তত ২৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.