কক্সবাজার, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বাজারঘাটায় স্বামীর বাসা থেকে পুলিশ নয়ন মনি দাশ (২৬) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় স্বামী অলক দাশকে (২৯) আটক করা হয়েছে।
নয়ন মনি চট্টগ্রামের পদুয়ার প্রয়াত হরিপদ দাশের মেয়ে। স্বামী অলক দাশ একই জেলার সাতকানিয়া উপজেলার প্রয়াত হৃদয় দাশের ছেলে।
নয়ন মনি দাশের ভাই কেলন দাশ সাংবাদিকদের বলেন, স্বামী, শাশুড়ি ও ননদদের নির্যাতন ও অত্যাচারে তার বোনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, প্রায় সাড়ে আট বছর আগে বিয়ের পর থেকে তারা কক্সবাজার শহরে বসবাস করে আসছেন। শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে নির্যাতন করত। এক মাস আগে নির্যাতনে অতীষ্ঠ হয়ে তিনি স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান বাবার বাড়ি। পরে সামাজিকভাবে মিমাংসা করে ফিরিয়ে নেওয়া হয়।
কেলন দাশ বলেন, “রোববার রাতে তাকে আবারো মারধর করা হয়েছে। খবর পেয়ে আমরা সকালে কক্সবাজার এসে তার মৃত্যুর খবর জানতে পারি।”
তার বোনের চৈতী দাশ (৭) ও টুকি দাশ (২) নামে দুই মেয়ে রয়েছে বলেও তিনি জানান।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ কুমার দে বলেন, গৃহবধূর বাবার পরিবারের সদস্যদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন নয়ন মনিকে হত্যা করেছে। তবে এখনো কিছু বলা যাচ্ছে না।
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২২ ঘ.
bdnews24