কক্সবাজার, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের কলাতলী এলাকায় একটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত সদস্যরা পর্যটকদের টাকা ও অন্যান্য দামী মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভবনের ইনচার্জসহ তিন জনকে আটক করা হয়েছে।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, সোমবার ভোর ৪টার দিকে কলাতলী এলাকায় ডেভেলপার কোম্পানি হাইপেরিয়নের মালিকাধিন ‘সী পার্ল-১’ এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার পর্যটকরা সবাই ঢাকার কেরাণীগঞ্জের তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২৪ মার্চ কক্সবাজার বেড়াতে এসে তারা ওই ভবনের ‘৭-ডি’ নম্বর ফ্ল্যাটে ওঠেন।
আটককৃতরা হলেন- ভবনের ইনচার্জ মোহাম্মদ নাজির (৪০), নিরাপত্তা কর্মী মোহাম্মদ তৈয়ব (৩৮) ও মোহাম্মদ কাসেম (২৭)।
এসআই প্রভাত কর্মকার সাংবাদিকদের জানান, দশম শ্রেণীর ছাত্র তমাল খান ও ক্লিনটন, নবম শ্রেণীর আসিফ ও সজল এবং অষ্টম শ্রেণীর ছাত্র আকাশ, সুজন ও সজীব শনিবার ওই ফ্ল্যাটটিতে ওঠেন। সোমবার ভোর ৪টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের সব কিছু ছিনিয়ে নেয়।
তমাল খান ও আসিফ সাংবাদিকদের জানান, ভোরে ডাকাডাকি শুনে ফ্ল্যাটের নিরাপত্তাকর্মী গেইট খুলে দিলে ওই ডাকাত সদস্যরা ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে নগদ প্রায় ১১ হাজার টাকা, দুটি ডিজিটাল ক্যামেরা, নয়টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে নিরাপত্তা কর্মীদের রহস্যজনক আচরণের কারণে পুলিশে খবর দিই, জানান তমাল।
এসআই প্রভাত কর্মকার জানান, ছাত্রদের অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে ফ্ল্যাটের ইনচার্জ নাজির, নিরাপত্তাকর্মী তৈয়ব ও কাসেমকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে নিরাপত্তাকর্মী কাসেম দাবি করেছেন, কলাতলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে তাদের বেঁধে রেখে ফ্ল্যাটে ঢুকে লুটপাট চালানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৪২ ঘ.
bdnews24