ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে বাঙালির স্বাধীনতা সংগ্রামে যারা পাশে দাঁড়িয়েছিলেন, ৪১ বছর পর সেই বিদেশি বন্ধুদের সম্মাননা দিলো বাংলাদেশ।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮৩ জন বিদেশি বন্ধু ও তাদের প্রতিনিধিদের হাতে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পদক তুলে দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালের মার্চে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা। ওই বছর ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে সেই সংগ্রামে চূড়ান্ত বিজয় ঘটে বাঙালির।
মিত্রবাহিনীসহ বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন সে সময় নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেন। বিশ্বের কাছে তারা তুলে ধরেন পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যার কথা, বাঙালির স্বাধীকারের দাবির কথা।
এই বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই সরকার গত বছর তাদের সম্মাননা জানানোর উদ্যোগ নেয়। গত বছর সম্মাননা দেওয়া হয় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে।
এবার সম্মাননা প্রদান অনুষ্ঠানের জন্য ১৩২ জন বিদেশি নাগরিকের যে তালিকা করা হয়েছিল, শেষ পর্যন্ত তাদের মধ্যে আমন্ত্রণ জানানো সম্ভব হয় ১১০ জনকে। তাদের মধ্যে ৮৩ জন নিজে এসে অথবা প্রতিনিধি পাঠিয়ে সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল মঞ্চ সাজানো হয়- লাল-সবুজে, বাংলাদেশের পতাকার রংয়ে। মাঝখানে ছিল জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি। মঞ্চের দুই পাশে বসেন আমন্ত্রিত বিদেশি অতিথিরা।
প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে ওঠেন সকাল সোয়া ১০টায়। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বিদেশি বন্ধুদের ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বেলা ১১টা ২৫ এ অনুষ্ঠান স্থলে পৌঁছান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
তথ্যচিত্র প্রদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সম্মাননা নিতে আসা বিদেশি অতিথিদের পরিচিতি এবং মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা তুলে ধরেন।
এরপর শুরু হয় পদক বিতরণ। অতিথিদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় স্মৃতি সৌধের প্রতিকৃতি খচিত সোনায় মোড়ানো রূপার পাতের একটি স্মারক এবং সিল্কের কাপড়ে থাকবে অভিনন্দন বার্তা। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন।
প্রথমে নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদবের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করেন রাষ্ট্রপতির কাছ থেকে। একে একে মোট আটজন সাবেক ও বর্তমান রাষ্ট্র বা সরকার প্রধানের প্রতিনিধিরা এই সম্মননা নেন।
মুক্তিযুদ্ধের সময় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান নানাভাবে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা যুগিয়েছে- সেই বন্ধুদের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ তুলে দেওয়া শুরু হয় এরপর। এ সম্মাননা নেন ৭৫ জন।
শুরুতেই ভারতীয় জনগণের পক্ষে রাষ্ট্রপতির কাছ থেকে পদক নেন দেশটির হাই কমিশনার পঙ্কজ শরণ। এরপর মুক্তিবাহিনীর পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ভারতীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এম এম পাল্লাম রাজু।
সম্মাননা নেওয়ার পর লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের দিকে তাকিয়ে স্যালুট দেন। এ সময় দর্শকসারি জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে উঠলে তিনিও বলেন- জয় বাংলা।
সম্মাননা প্রদান শেষে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি এবং অতিথিদের পক্ষে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের সাবেক সদস্য মাইকেল বার্ন বক্তব্য দেন।
এরপর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউএম/জেকে/১৩৫০ ঘ.
bdnews24