২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ৮ বছরে নানা অভিযোগে ৪০০ চাকরিচ্যুত

র‌্যাব প্রতিষ্ঠার পর গত আট বছরে এই বিশেষ বাহিনীর প্রায় চারশ’ সদস্যকে বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মোখলেছুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব প্রতিষ্ঠার পর গত আট বছরে এই বিশেষ বাহিনীর প্রায় চারশ’ সদস্যকে বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মোখলেছুর রহমান। র‌্যাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার র‌্যাব সদর দপ্তরে আয়োজিত বিশেষ দরবারের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “বিভিন্ন বাহিনী থেকে বাছাই করে র‌্যাবে লোক আনা হয়। তারপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে র‌্যাবের নীতি হলো- জিরো টলারেন্স।” সদস্যদের বিষয়ে তদন্ত করার জন্য র‌্যাবের এখন নিজস্ব সেল রয়েছে উল্লেখ করে মহা পরিচালক বলেন, “কারো পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। সা¤প্রতিককালে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেও ডাকাতির মামলা হয়েছে। সবকিছু বিধি মোতাবেক চলছে।” সকালে জাতীয় এবং র‌্যাবের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির শুরু করেন মোখলেছুর রহমান। এরপর র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে শুরু হয় বিশেষ দরবার। এতে মহাপরিচালক বলেন, র‌্যাব সদস্যদের ব্যক্তিস্বার্থ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। র‌্যাব সদস্যদের মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হন, কোনোভাবে যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয়- সে বিষয়েও ‘সজাগ’ থাকার আহ্বান জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, “সব মামলা এক রকম নয়। তাই একটু সময় লাগছে। অতীতে কোনো মামলারই রহস্য অনুদঘাটিত থাকেনি। এ মামলাতেও ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।” সাংবাদিকদের কাছে র‌্যাবের সফলতার বিবরণ তুলে ধরে তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও চরমপন্থী দমন, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন। র‌্যাব সদস্যরা মানবাধিকার রক্ষায় ‘সব সময়ই সচেষ্ট’ বলেও মন্তব্য করেন তিনি। ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেডে অংশ নেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে এই বিশেষ বাহিনী। একই বছরের পহেলা বৈশাখে রমনা বটমূলে নিরাপত্তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে র‌্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গত আট বছরে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য বহুবার এই বাহিনীকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। র‌্যাবের লাগাম টেনে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫৪০ ঘ.