২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদী ইপিজেডে সংঘর্ষ, ৮১ শ্রমিক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেডে) পোশাক শ্রমিকদের ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

পাবনা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেডে) পোশাক শ্রমিকদের ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দেড় থেকে দুইশ অজ্ঞাতনামা শ্রমিককে আসামি করে দুটি মামলা হয়েছে। জেলার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ছাঁটাইয়ের প্রতিবাদ এবং মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক কারখানা রিশিতা ও মেগাটেক্সের শ্রমিকরা রবিবার দিনভর বিক্ষোভ ও ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তিন পুলিশ ও দুই সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। ঘটনার পর রাতেই ইপিজেড কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় একটি মামলা করে। সোমবার সকালে কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে দ্বিতীয় অপর মামলাটি দায়ের করেন বলে পুলিশ সুপার জানান। তিনি বলেন, “দুটি মামলায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো দেড়-দুইশ শ্রমিককে আসামি করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪৩০ ঘ.