২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের দুই চরে কুকুর আতঙ্ক

কুড়িগ্রামের সীমান্তবর্তী এ দুটি চরের মানুষ বলছে, গত দেড় মাসে তাদের প্রায় অর্ধশতাধিক ছাগল ও ভেড়া খেয়ে ফেলেছে এই হিংস্র কুকুরের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

আহসান হাবীব নীলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কুড়িগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদল হিংস্র কুকুরের সংঘবদ্ধ তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে কুড়িগ্রামের সীমান্তবর্তী দুটি চরের মানুষ। তারা বলছেন, গত দেড় মাসে প্রায় অর্ধশতাধিক ছাগল ও ভেড়া খেয়ে ফেলেছে এই কুকুরের দল। এই পরিস্থিতিতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের প্রত্যন্ত চর পিপুলবাড়ী ও আরাজী পিপুলবাড়ীর লোকজন শিশুদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। বয়স্করাও বের হচ্ছেন লাঠিসোটা নিয়ে। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩/৪টি হিংস্র কুকুরের সঙ্গে আরাজী পিপুলবাড়ী চরের ২৫-৩০টি কুকুর মিলে প্রতিনিয়িত পশু ও মানুষের উপর আক্রমণ করছে। “কুকুরগুলো দুই চরের ৫০-৬০টি ছাগল ও ভেড়া খেয়ে ফেলেছে। চরবাসী কুকুরগুলো মেরে ফেলার জন্য রোববার আমার কাছে স্মারকলিপি দিয়ে গেছে।” কুড়িগ্রামের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রশীদ বলছেন, বন্য কুকুরের সংস্পর্শে এসে স্থানীয় কুকুরগুলোর আচরণ বদলে গিয়ে থাকতে পারে। তবে সাধারণত জলাতঙ্কে আক্রান্ত কুকুর এরকম অস্বাভাবিক আচরণ করে। কুকুরগুলো কেন এমন হিংস্র হয়ে উঠেছে- তা পরীক্ষা করে দেখতে ডা. অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান রশীদ। পিপুলবাড়ী চরের বাসিন্দা গোলজান বেগম (৫০) জানান, গত সপ্তাহেই তার দুটো ছাগল কুকুরের পেটে গেছে। তিনি জানান, একই চরের কালাম ও শাহজাহানের ৩টি করে, কাঙ্গাল, নওশাদ ও তারাচান্দের দুটি করে এবং মালেক, অপিয়াল, আয়নাল, জহিরুল, বাবুল, মহিমা, দুলাল, শুকুর, রফিকুলের একটি করে ছাগল অথবা ভেড়া ধরে খেয়ে ফেলেছে কুকুরগুলো। আরাজী পিপুলবাড়ীর বাসিন্দা নজরুল ইসলাম জানান, গত শুক্রবার কুকুরগুলো মেরে ফেলার চেষ্টা করা হয়েছিলো। এজন্য এলাকায় মাইকিং করে সবার সহযোগিতাও চাওয়া হয়েছিল। কিন্তু বিশাল চরাঞ্চল এবং পাশেই ভারতের সীমানা থাকায় কুকুরগুলোকে বাগে আনা যাচ্ছে না। সেদিনের অভিযানে কেবল দুটি কুকুর মারা সম্ভব হয় বলে তিনি জানান। এরপর কুকুরগুলো আরো হিংস্র হয়ে উঠেছে উল্লেখ করে নজরুল বলেন, “এখন একা একা কেউ এখন বাইরে যেতে সাহস পাচ্ছে না। কুকুরের ভয়ে বাচ্চাদের এখন স্কুল যাওয়া বন্ধ।” আরাজী পিপুলবাড়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লুনা খাতুন জানান, তার স্কুলে মোট সাড়ে তিনশ’ শিক্ষার্থী থাকলেও কুকুর-আতঙ্কে দেড়শ’র বেশি স্কুলে আসছে না। “অভিভাবকরাই বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া করেন। কোনো বাচ্চাকেই একা স্কুলে আসতে দেন না”, বলেন তিনি। গত শনিবার শেষ বিকেলে যাত্রাপুর হাট থেকে একা একা বাড়ি ফেরার পথে কুকুরের দলের হামলার শিকার হন চরের বাসিন্দা মাহবুব (৪৬)। তিনি জানান, একটি কুকুর হঠাৎ তার পথরোধ করে দাঁড়ায় এবং ভয়ঙ্কর ভঙ্গিতে ডাকাডাকি শুরু করে। “মুহূর্তের মধ্যে আরো কতোগুলো কুকুর এসে আমাকে ঘিরে ফেলে। কাপড়ে কামড় দিয়ে টানাটানি শুরু করে। আমি ভয়ে চিৎকার দিলে ঘাটের লোকজন লাঠি-সোটা নিয়ে এসে আমাকে উদ্ধার করে”, বলেন মাহবুব। স্থানীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী শাহজাহান আলী বলেন, ব্রহ্মপুত্র পারাপারের সময় অনেক ভারতীয় গরু নদীতে মারা যায়। মৃত পশু খেয়ে খেয়ে কুকুরগুলো মাংসাশি হয়ে উঠেছে। ইদানিং গরু পারাপার কমে যাওয়ায় হিংস্র কুকুরগুলো দুর্বল ছাগল ও ভেড়ার ওপর হামলা করছে বলেই তার ধারণা। কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম বলেন, “কুকুরগুলো রোগে আক্রান্ত না বন্য- তা পরীক্ষা করে দেখা দরকার।” খাবারের অভাব থেকে কুকুরের মধ্যে আচরণগত এই পরিবর্তন আসতে পারে বলে মত দেন আঞ্জুমান আরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩৫৫ ঘ.