২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার অরুণোদয়

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে স্বাধীনতার ৪১তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ। জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 03:08 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে স্বাধীনতার ৪১তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ। জাতি স্মরণ করেছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের। বরাবরের মতোই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে। ৪১ বছর আগের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা। ২৫ শে মার্চের কালরাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে গণহত্যা চালায়, তাই নয় মাসের মরণপণ যুদ্ধে ঠেলে দেয় এ জনপদের মানুষকে। ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে ঢাকায় গণহত্যা চলাকালে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আগেই জাতিকে স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়ে যান তিনি। ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। সোমবার ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধে ফুল দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। স্বাধীনতা দিবসের সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এতে সালাম গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। বিকালে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে রাষ্ট্রপতি আয়োজন করেন এক সংবর্ধনা অনুষ্ঠানের। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন। পৃথক বিবৃতিতে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। “জাতীয় জীবনে আমাদের আরো ধৈর্য, সংযম ও সহনশীলতার পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। জাতীয় সংসদকে পরিণত করতে হবে সকল আলোচনা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে ২৬ মার্চকে জাতীয় জীবনে এক গৌরবদীপ্ত দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই অর্জনকে অর্থপূর্ণ করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে পৌঁছে দিতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে দুর্নীতি, সন্ত্রাসমুক্ত অসা¤প্রদায়িক ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।” বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার বিবৃতিতে ২৬ মার্চকে জাতির জীবনে এক মহিমান্বিত দিন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “একটি শোষণ, বঞ্চনাহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এদেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু নানা কারণে সে লক্ষ্য অর্জন হয়নি। দেশি-বিদেশি চক্রান্তের ফলে আমাদের গণতান্ত্রিক পথচলা বার বার হোঁচট খেয়েছে।” স্বাধীনতা দিবস উপলক্ষে সব সরকারি ও আধা সরকারি ভবনে উড়ছে জাতীয় পতাকা। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হবে আলোকসজ্জা। দিনটি উপলক্ষে একটি স্মারক ডাক টিকেট ও একটি খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক বিভাগ এই স্মারক ডাক টিকেটের দাম ঠিক করেছে ২৬ টাকা। আর খামের দাম ১০ টাকা। বিটিভি ও বাংলাদেশ বেতারসহ টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো দিসবটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা স¤প্রচার করেছে। সংবাদপত্রগুলো বের করেছে বিশেষ ক্রোড়পত্র। বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই দিনে আলোচনা ও সাং¯কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেন্দ্র, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/এসইউএম/জেকে/পিডি/২৩৩০ ঘ.