ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে আহত এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।
রোববার রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয় ওই যুবকের (২৫) মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
সন্ধ্যায় মিরপুরের শাহআলী থানা এলাকায় চিড়িয়াখানা রোডের রাইনখোলা ঢালে ‘সেতু বহুমুখী সমিতির’ সামনে এ গোলাগুলিতে দুই পুলিশও আহত হয়।
আহত দুই পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহআলী থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মোটরসাইকেলে করে দুই সন্ত্রাসী ওই এলাকায় যায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।”
এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় উল্লেখ করে ওসি বলেন, আরেক সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৪ রাউণ্ড গুলি উদ্ধার করা হয় বলে ওসি জানান।
তিনি বলেন, সন্ত্রাসীদের গুলিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম ও মশিউর রহমান আহত হন।
ওই সন্ত্রাসীর বয়স আনুমানিক ২৫ বছর হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২২৩ ঘ.
bdnews24