সিলেট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সিলেট সফরের সময় দায়িত্ব পালনকালে মস্তিস্কে রক্তক্ষরণে কোতোয়ালি থানার এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে।
এসআই মো. রায়হান আলী (৪২) নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ বাজরের গ্রামের প্রয়াত ভবির উদ্দিনের ছেলে।
নগরীর আম্বরখানা এলাকায় দায়িত্ব পালনকালে শনিবার দুপুরে তিনি অসুস্থ হন। রোববার সকালে ঢাকার ধানমন্ডির রেইনবো হাসপাতালে তার মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাজার জিয়ারতের সময় আম্বরখানা এলাকায় দায়িত্বরত রায়হান অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা নিয়ে যাওয়া হয়।
রোববার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্রথম জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো
হয়েছে।
রায়হান আলী ১৯৮৮ সালের ১৫ ডিসেম্বর কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০৪ সালে এএসআই পদে পদোন্নতি পান। ২০১০ সালে এসআই পদে পদোন্নতি পেয়ে সিলেট কোতোয়ালি থানায় যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.
bdnews24