চাঁদপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে নির্যাতনের দায়ে এক আইনজীবীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. সফিকুল করিম রোববার এ রায় দেন।
এছাড়া ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে দণ্ডিতকে আরো পাঁচ বছর সশ্রম কারাভোগ করতে হবে।
দণ্ডিত ব্যারিস্টার মো. জহিরউদ্দিন বাবর (৩৬) চাঁদপুর জজ আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
মামলার বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি হাবিবুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালে জেলা শহরের পুরানবাজারের ওহাব মিযার মেয়ে ওয়াহিদা সুলতানা অনি’র সঙ্গে পূর্ব শ্রীরামদী এলাকার প্রয়াত কাবুল ইসলামের ছেলে ব্যারিস্টার মো. জহির উদ্দিন বাবরের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই বাবর স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন।
২০১০ সালের ২১ নভেম্বর ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। দিতে অস্বীকার করলে তিনি স্ত্রীর বাম কান ছিঁড়ে ফেলেন।
এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সিঙ্গাপুরে গিয়েও চিকিৎসা নেন।
এই ঘটনায় ২০১০ সালের ১২ ডিসেম্বর অনি’র মা চাঁদ সুলতানা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
পিপি হাবিবুল ইসলাম আরো বলেন, মামলার পর আসামি বাবর ইচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24