২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদী ইপিজেডে বিক্ষোভ, সংঘর্ষে আহত ৫০

ছাঁটাইয়ের প্রতিবাদ ও মজুরি বৃদ্ধির দাবিতে পাবনার ঈশ্বরদী তৈরি পোশাক প্রক্রিয়াজাতকরণ অঞ্চল-ইপিজেডে শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

পাবনা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাইয়ের প্রতিবাদ ও মজুরি বৃদ্ধির দাবিতে পাবনার ঈশ্বরদী তৈরি পোশাক প্রক্রিয়াজাতকরণ অঞ্চল-ইপিজেডে শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। রোববার সকালে বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা ইপিজেডের রিশিতা ও মেঘাটেক্স নামে দুটি কারখানায় হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায় বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি কারখানায় ছাঁটায়ের প্রতিবাদে ও মজুরি নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। সকালে আরো ছাঁটাইয়ের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানা দুটি ভাঙচুর করে। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) ইসরাইল হোসেন জানান, দুপুরের পর শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ ও ইপিজেডের নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশের এসআই দুলাল, কনস্টেবল নূর এবং মিজানসহ ৫০ শ্রমিক আহত হন। এ ছাড়া দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন মানবজমিনের ঈশ্বরদী প্রতিনিধি মেহেদী হাসান এবং দৈনিক ইছামতির ফটো সাংবাদিক জিয়াউল ইসলাম রিপন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় পুলিশ, র‌্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫৬ ঘ.