গাজীপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ছাত্রীকে ধর্ষণের দায়ে গাজীপুরের এক শিক্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা নজিব রোববার এ রায় দেন।
দণ্ডিত মো. আয়ুবুর রহমান কাপাসিয়া উপজেলার আমরাইদের ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক।
মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী মো. রেজাউর রহমান লষ্কর মিঠু সাংবাদিকদের বলেন, ২০০৫ সালের ২৩ নভেম্বর নিজের ছাত্রী এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) সাজেশন দেওয়ার কথা বলে ওই শিক্ষক তার বাড়ি যেতে বলেন।
কথামত সেখানে যাওয়ার পথে কাপাসিয়ার শীতলক্ষ্যা ব্রিজ এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সহায়তায় মেয়েটিকে অপহরণ করে গাজীপুর সদরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় মেয়েটির চিৎকারে হোটেলের লোকজন এসে তাদের আটক করলেও পুলিশে না দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
পরে ঘটনাটি মেয়েটির অভিভাবক জানলে কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৪ ঘ.
bdnews24