২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি

সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে দৈনিক দুই ঘণ্টা কাজ বন্ধ রাখার কর্মসূচি শুরু করেছেন গোপালগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

গোপালগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে দৈনিক দুই ঘণ্টা কাজ বন্ধ রাখার কর্মসূচি শুরু করেছেন গোপালগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা। রোববার দুই ঘণ্টা কর্মবিরতির পর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত মল্লিক সাংবাদিকদের বলেছেন, দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতির সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেন চিকিৎসকরা। এরপর দুপুর ১২টায় তারা কাজে যোগ দেন। চিকিৎসকদের কর্মবিরতির সময় হাসপাতাল প্রায় অচল হয়ে পড়ে। চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালের মেঝেসহ বিভিন্ন স্থানে বসে থাকতে দেখা যায়। গত শুক্রবার ভোরে হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল মান্নানকে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীনের স্বামী, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সরদার মারপিট করে বলে অভিযোগ উঠেছে। শনিবার আব্দুল মান্নান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাও করেছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.