২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটা: কেইপিজেড কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় কাটার ঘটনায় কেইপিজেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় কাটার ঘটনায় কেইপিজেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কেটে পরিবেশ ধ্বংসসহ পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ এনে করা এই মামলায় কেইপিজেড’র (কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা) তিন শীর্ষ কর্মকর্তার পাশাপাশি অজ্ঞাত আরো সাত/আট জনকে আসামি করা হয়েছে। কর্ণফুলী থানায় শনিবার মধ্যরাতে এ মামলা করেন পরিবেশ অদিদপ্তরের পরিচালক (ইনভেস্টিগেশন) আবদুর রাজ্জাক। তিন কর্মকর্তা হলেন- কেইপিজেডের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত কর্নেল মো. শাহজাহান এবং উপ মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ। কর্ণফুলী থানার উপপরিদর্শক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে জলাশয় ভরাট, পাহাড় কাটা, বৃক্ষ নিধন এবং পরিবেশ ছাড়পত্রের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে অভিযান চালিয়ে পাহাড় কাটার জন্য ব্যবহৃত ১০টি বুলডোজার জব্দ করেন। গত ২২ জানুয়ারি মুনীর চৌধুরী কেইপিজেডে প্রথম দফা অভিযান চালিয়ে কর্তৃপক্ষকে পাহাড় কাটা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন। এরপরও পাহাড় কাটা অব্যাহত রাখায় শনিবার পুনরায় অভিযান চালানো হয়। পশ্চিম পটিয়া ও আনোয়ারা উপজেলার আড়াই হাজার একর পাহাড়ি ভূমিতে কেইপিজেড গড়ে উঠছে। পরিবেশ অধিদপ্তর ২০০৯ সালের ২৩ নভেম্বর ৩৩টি শর্তে কেইপিজেডকে পাহাড় কাটার অনুমতি দেয়। গত বছরের ২৪ নভেম্বর ওই অনুমতিপত্র নবায়ন করা হয়। শর্তে লেখা আছে, অনুমোদিত নকশা অনুযায়ী পাহাড় কর্তন ও মোচন করা যাবে। পাহাড় টিলা কাটার আগে পরিবেশ অধিদপ্তরকে জানাতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, কেইপিজেড কর্তৃপক্ষ সেই শর্ত লঙ্ঘন করছে। তবে কেইপিজেড কর্তৃপক্ষের দাবি, শর্ত মেনেই পাহাড় কাটছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৩০ ঘ.