চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি।
রোববার বেলা এগারটার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ই মানববন্ধন কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনায় জরুরি ভিত্তিতে একজন দক্ষ ও জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাউসার বলেন, উপাচার্য না থাকায় চুয়েটে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এজন্য আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।
তিনি জানান, মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার অনুরোধও জানানো হয়েছে।
এর আগে উপাচার্য নিয়োগের দাবিতে গত ১৮ মার্চ ক্যাম্পাসে মৌন মিছিল করে শিক্ষক সমিতি।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়েটের সিন্ডিকেট সদস্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ ও চুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মাদ ইব্রাহিম খান।
চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শ্যামল কান্তিবিশ্বাসের উপাচার্য পদে মেয়াদ শেষ হয় ২৮ জানুয়ারি। এর পর থেকে ওই পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি।
উপাচার্য নিয়োগের দাবিতে চুয়েটের শিক্ষার্থীরাও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৪২৭ ঘ.
bdnews24