চাঁদপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলের তবারক খেয়ে অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন।
গৃদকালিন্দিয়া বাজারে শনিবার সকালে তবররক (খিচুড়ি) বিতরণ করা হয়। বিকালের দিকে বিভিন্ন স্থান থেকে অসুস্থ হওয়ার খবর আসে।
এদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের চাঁদপুর ও মতলবে কলেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন চরমুঘুয়া গ্রামের মাহবুব আলম (১২), ফারজানা (২), বারপাইকা গ্রামের মরিয়ম (২৭), আব্দুর রহমান (৫০), পূর্ব এখলাসপুর গ্রামের মমতাজ উদ্দিন (৫০), তার স্ত্রী নুরুননেসা (৪৫), মেয়ে রোকেয়া (১২), মমতাজ উদ্দিনের বোন ফিরোজা (৩০), সন্তোষপুর গ্রামের আফুরী বেগম (৫০) এবং গৃদকালিন্দিয়া গ্রামের আব্বাস উদ্দিন (৩০)।
অসুস্থ মাহবুব আলম, মরিয়ম ও মমতাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে গৃদকালিন্দিয়া বাজারে ওয়াজ মাহফিল হয়। শনিবার তবারক বিতরণ করা হয়। এই তবারক অনেকেই বাড়ি নিয়ে যায়। পরে পরিবারের লোকজনসহ খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়।
ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাবার দীর্ঘক্ষণ প্যাকেটজাত থাকায় ফুড পয়জনিংয়ে এই অবস্থা হয়েছে। অতিরিক্ত পাতলা পায়খানার সঙ্গে বমিও হওয়া তাদের অবস্থা গুরুতর। চিকিৎসা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.
bdnews24