২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান পার্টির কবলে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৫ জন

রাজধানীতে পৃথক তিন ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ পাঁচ জন অজ্ঞান পার্টির কবলে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক তিন ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ পাঁচ জন অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। এরা হলেন- মো. মিজান (৪২), লুৎফর রহমান (৪০), ফারুক (৪২), মো. মাসুদ (৩০) ও মো. ফারুক (২২)। তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মিজান, লুৎফর ও ফারুক দিনমজুর। সিলেট থেকে সুরমা মেইলে ঢাকায় আসার পথে তারা অজ্ঞান পার্টির কবলে পড়েন। তাদের সঙ্গী শিবনাথ ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, তারা তিনজন ভৈরব স্টেশনে চা খেয়েছিলেন। কিন্তু শনিবার দুপুরে কমলাপুর স্টেশনে পৌঁছার পরও তাদের অচেতন দেখে তাদের হাসাপাতালে নেন। তাদের কাছ থেকে ১৫শ’ টাকা ও মোবাইল সেট খোয়া যায় বলে জানান তিনি। এদিকে মহাখালী বাস টার্মিনালে অজ্ঞান পার্টির কবলে পড়া মাসুদকে শনিবার বিকাল ৪টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে শনিবার বিকাল ৫টার দিকে গাবতলী বাস টার্মিনালে অজ্ঞান পার্টির কবলে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক। তাকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে আনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফকরুল ইসলাম। ফারুক বিশ্ববিদ্যালয়ের ফামের্সি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ জনই হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তাদের কাছ থেকে কত টাকা খোয়া গেছে তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৪৩ ঘ.