নারায়ণগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক এবং তৈরির সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ফতুল্লার গিরিধারায় শনিবার দুপুরের এই অভিযানে আটকরা হলেন কারখানার মালিক সাইফুল ইসলাম, কর্মচারী লেবু (৩০), হামিদুল (৩৩), মিরাজ (৩৪), তোতা (৩৮) ও আমির উদ্দিন (৪০)।
র্যাব-১১ এর বিশেষ অপরাধ দমন কোম্পানির ইনচার্জ মেজর মোহাম্মদ সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই কারখানায় বালুর সঙ্গে এক ধরনের রাসায়নিক মিশিয়ে তা কীটনাশক হিসেবে বিভিন্ন কোম্পানির মোড়কে করে বাজারজাত করত এরা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কারখানা মালিক সাইফুল ইসলাম জানান, ঝিনাইদহের আজাদ নামের এক লোকের সহায়তায় তারা গত দুই-তিন মাস ধরে এই ভেজাল কীটনাশক তৈরি করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছেন।
নারায়ণগঞ্জ সদর কৃষি কর্মকর্তা শওকত ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেজাল কীটনাশক জমির উর্বরতা নষ্ট করে। পরীক্ষা করা ছাড়া বিস্তারিত বলা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24