নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
সিঙ্গাপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাক নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রস্তাবিত রূপরেখা বাস্তবায়নের আহ্বান জানিয়ে সিঙ্গাপুরে শেষ হলো তামাকবিরোধী পঞ্চদশ আন্তর্জাতিক সম্মেলন ‘তামাক অথবা স্বাস্থ্য’।
আয়োজকরা বলছেন, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল- এফসিটিসি নামে পরিচিত এ রূপরেখায় ইতোমধ্যে বিভিন্ন দেশ স্বাক্ষর করলেও সুষ্ঠুভাবে তা মেনে চলা হচ্ছে না অধিকাংশ দেশেই।
সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে সচিত্র সতর্কবার্তা প্রচার থেকে শুরু করে তামাকজাত পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপসহ বেশ কিছু নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে এই রূপরেখায়।
সিঙ্গাপুর সম্মেলনের ঘোষণাপত্রে বলা হয়- এফসিটিসিতে স্বাক্ষরকারী দেশগুলোকে ২০১৫ সালের মধ্যে তাদের মূল স্বাস্থ্য পরিকল্পনায় তামাক নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া বিনিয়োগ ও বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও ‘স্পষ্টভাবে’ তামাকবিরোধী ধারা যুক্ত করতে হবে।
সম্মেলনের শেষ দিনে ‘ইন্টারন্যাশনাল লিয়াজোঁ গ্র“প ফর টোবাকো অর হেলথ’ এর সহ-সভাপতি অধ্যাপক হ্যারি ল্যানডো এই ঘোষণাপত্র পাঠ করেন। এরপর সম্মেলনে তামাক বিষয়ে অনুসন্ধানকারী ‘সেরা তরুণ’ ও তামাকবিরোধী সেরা পোস্টার নকশাকারীকে পুরস্কৃত করা হয়।
অধ্যাপক ল্যানডো বলেন, “বিভিন্নভাবে তামাক ব্যবহারের ফলে প্রতিবছর বিশ্বে ৬০ লাখ মানুষ মারা যাচ্ছে। এটা একটি বৈশ্বিক স্বাস্থ্য বিপর্যয়।”
তিনি বলেন, বিশ্বে প্রতিবছর যে পরিমাণ সিগারেট বিক্রি হয়, তার ৮০ শতাংশের ভোক্তা নিু ও মধ্য আয়ের দেশগুলো। এখনই এ ব্যাপারে ব্যবস্থা না নিলে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে এর পেছনে ব্যয়ের পরিমাণ ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।
“মানব উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সামাজিক, পরিবেশগত, অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবার ওপর থেকে বোঝা কমাতে তামাক নিয়ন্ত্রণের চেষ্টা বাড়ানো জরুরি। তামাক বাণিজ্যে জড়িত প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য তরুণ প্রজন্ম। তাই তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখতে হবে।”
এফসিটিসির রূপরেখা বাস্তবায়ন এগিয়ে নিতে সম্মেলনের ঘোষণাপত্রে বলা হয়, ২০১৫ সালের মধ্যে অন্তত ১০০টি দেশকে তাদের ৫০ শতাংশ তামাক উৎপাদনকারী এলাকায় সচিত্র সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা নিতে হবে। অন্তত ৫০টি দেশে তামাকজাত পণ্যের ওপর ৭৫ শতাংশ কর আরোপ করতে হবে। আর অন্তত ১০টি দেশে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, বিপণন ও বিপনীকেন্দ্রে এসব পণ্যের প্রদর্শনীর ওপর ব্যাপক আকারে নিষেধাজ্ঞা জারি করতে হবে।
তবে এসব সুপারিশ কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে কি না- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অধ্যাপক ল্যানডো।
২০০৯ সালে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত চতুর্দশ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, “তখনকার ঘোষণাপত্রও যথাযথভাবে পালন করা হয়নি।”
ওই সম্মেলনের একটি সুপারিশে বলা হয়েছিলো, ২০১২ সালের মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মানবাধিকার ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হবে। কিন্তু তা এখনো হয়নি।
পরবর্তী তামাকবিরোধী আন্তর্জাতিক সম্মেলন হবে ২০১৫ সালে, আবুধাবিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/জেকে/১৮০২ ঘ.
bdnews24