ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেণ্ডারিয়ায় শনিবার রেলপথে উঠে পড়া একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনার পর সেখানে অজ্ঞাত পরিচয় এক লাশ পাওয়া যায়। গুরুতর আহত হয়েছেন আরো একজন। তবে দুর্ঘটনার সঙ্গে হতাহতের সংশ্লিষ্টতা পরিষ্কার করতে পারেনি পুলিশ ও রেল কর্তৃপক্ষ।
কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে গেন্ডারিয়া রেলক্রসিং এর দুইশ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, “পুকুরপাড় এলাকার উন্মুক্ত রেলপথ পার হওয়ার সময় একটি গাড়ি নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী একটি ট্রেনের সামনে পড়ে। সংঘর্ষের পর ট্রেনের ধাক্কায় গাড়িটি প্রায় একশ’ গজ দূরে ছিটকে পড়ে।”
ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, তার বয়স আনুমানিক ৩৫ বছর।
মো. মন্টু (২৫) নামের আরেকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ প্রথমে নিহত ব্যক্তিকে ওই গাড়ির আরোহী এবং আহতকে গাড়ির চালক বললেও পরে জানা যায় তারা গাড়ির কেউ নন।
ঘটনার পর বিকাল সাড়ে ৩টার দিকে প্রাইভেটকার চালক সিরাজ শরিফকে শ্যামপুর এলাকা থেকে আটক করে পুলিশ। তিনি পুলিশকে জানান, দুর্ঘটনার সময় গাড়িতে কোনো যাত্রী ছিল না।
কমলাপুর রেলওয়ে থানার ওসি বলেন, “আটক করার পর চালক শরিফ বলেছেন, গাড়িটি রেললাইনে ওঠানোর পর ট্রেন কাছে এসে গেছে দেখেই তিনি নেমে পড়েছিলেন।”
হতাহতরা ট্রেন ইঞ্জিনের সামনে বসেছিলেন অথবা ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
ওসি জানান, দুর্ঘটনায় রাস্তার পাশের কয়েকটি দোকানের পেছনের অংশ ভেঙে যায়। এ সময় আরো কয়েকজন সামান্য আঘাত পান।
রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা (পরিবহন) মিজানুর রহমান জানান, সংঘর্ষের পর ইঞ্জিনে ত্র“টি দেখা দেওয়ায় ট্রেনটি প্রায় দুই ঘণ্টা দুর্ঘটনাস্থলে আটকে থাকে। পরে কমলাপুর থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি সরিয়ে নেয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/জেকে/১৯২৬ ঘ.
bdnews24