বেনাপোল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে আড়াই বছর কারাভোগের পর শুক্রবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন দুই নারীসহ ছয় বাংলাদেশি।
এরা হলেন, সেলিনা খাতুন, সকিনা খাতুন, সোহেল শরীফ, আক্তার আলী, দেলোয়ার মুন্সি ও মুজিবর রহমান। এদের বাড়ি বাগেরহাট ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ভালো কাজের আশায় এই ছয় জন আড়াই বছর আগে একটি পাচারকারী চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তবে ভারতীয় পুলিশের কাছে ধরা পড়েন তারা।
বিকালে তারা ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বলে জানান ইমিগ্রেশন ওসি।
চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার পর তারা নিজ দায়িত্বে নিজ নিজ বাড়িতে চলে যাবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২৩৩৫ ঘ.
bdnews24