শাহজালাল বিশ্ববিদ্যালয়, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার জৈব প্রযুক্তি বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া প্রধান অতিথি হিসেবে একদিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তরুণ জৈব প্রযুক্তিবিদদের সংগঠন ‘ইয়ং বায়োটেকনোলজিস্ট অব বাংলাদেশ’ এবং শাবির জেনেটিকস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের আয়োজনে তৃতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, জৈবপ্রযুক্তি হচ্ছে একটি চলমান ও বিকাশমান বিজ্ঞান। এই মুহূর্তে সবচেয়ে বেশি শিক্ষর্থীর তীর্থভুমি হচ্ছে জৈবপ্রযুক্তি।
দেশের খাদ্য সংকট, স্বাস্থ্য সমস্যাসহ বিভিন্ন সংকট নিরসনে জৈবপ্রযুক্তি অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের অধ্যাপক ড. হাসিনা খান, ড. জেবা ইসলাম সেরাজ, শাবির জিইবি’র বিভাগীয় প্রধান ড. মো. আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
সম্মেলনে দেশের পাঁচ শতাধিক তরুণ জৈব প্রযুক্তিবিদসহ শাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বারডেমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গবেষণা প্রবন্ধ উপস্থাপন, জৈব প্রযুক্তির ভবিষ্যৎ ও করণীয় বিষয়ে কর্মশালা, আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেক ভিত্তিক পণ্যের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন প্রতিযোগিতা, মিট দ্যা বায়োটেক পার্সনালিটিস, টক শো, সম্মেলনের দিক নির্দেশনা উপস্থাপন, বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৪ ঘ.
bdnews24