২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রায়েরবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রায়েরবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দিলীপ কুমার (৪৫) রডমিস্ত্রীর কাজ করতেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। ওই ভবনের নির্মাণ শ্রমিক এনামুল ও আবুল খায়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছেই নির্মাণাধীন একটি ভবনে কাজ করেন তারা। শুক্রবার বেলা ১২টার দিকে ছয় তলার ছাদে দাঁড়িয়ে রড টেনে উপরে তোলার সময় নিচে পড়ে মারাত্মক আহত হন দিলীপ। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক জানান, দিলীপ মারা গেছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনামুল ও খায়ের দুপুরে দীলিপকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” এদিকে বৃহস্পতিবার রাতে খিলগাঁও দাক্ষিণ গোরান নবাবের মোড় এলাকায় মো. রকি (১৯) নামের এক যুবক বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রকির বাবা মমিন মিয়া সাংবাদিকদের জানান, রাতে ছেলেকে বাসায় রেখে তিনি, তার স্ত্রী ও এক সন্তান ওই এলাকায় এক আত্মীয়র বাসায় যান। “রাত সাড়ে ১০টার বাসায় ফিরে দেখি রকি ঝুলছে।” সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন। মমিন মিয়া জানান, তারা যখন বাসা থেকে বের হন তখন রকি টেলিভিশনে বাংলাদেশ বনাম পাকিস্তান খেলা দেখছিলো। আত্মহত্যার কারণ জানতে চাইলে রকির বাবা বলেন, “আমি ঠিক জানি না।” রকি ঢাকা ব্যাংকে অফিস সহকারীর কাজ করতেন। তবে দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার গত দুই মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার কারণে হতাশা থেকেও রকি আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/জেকে/১৫৩০ ঘ.