ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপ ফাইনালে দর্শক সারিতে একসঙ্গে দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে।
বৃহস্পতিবার দিবারাত্রির এই খেলা শুরু হওয়ার কিছু সময় পর স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। তারপর যান রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
তার আগে থেকে স্টেডিয়ামে ছিলেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
প্রেসিডেন্টস স্যুটে শেখ হাসিনা ও এরশাদ বসেছেন পাশাপাশি সোফায়। খালেদা জিয়া পৌঁছার পর একইস্থানে বসার কথা।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সন্ধ্যা ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া স্টেডিয়ামের পথে রয়েছেন।
খালেদার সঙ্গে রয়েছেন সাদেক হোসেন খোকা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম আকবর ও মারুফ কামাল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকে স্টেডিয়ামে রয়েছেন বলে জানান মারুফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসইউএম/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24