২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মহাখালী-গুলশান সড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মহাখালী-গুলশান সড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লোরেন্স ফেব্রিকস লিমিটেড নামের ওই কারখানায় বৃহস্পতিবার বেতন হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা না দেওয়ায় প্রায় নয়শ’ শ্রমিক পৌনে ৪টার দিকে রাস্তায় নেমে আসে। তাদের বিক্ষোভের কারণে মহাখালী থেকে গুলশান এক নম্বর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে পৌনে ৫টার দিকে শ্রমিকরা সরে যায়। ওই কারখানার শ্রমিক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আজ বেতন দেওয়ার কথা। অথচ তা না দিয়ে কারখানা ছুটি দিয়ে দিয়েছে।” গত দুই মাস ধরে তারা বেতন ও ওভারটাইম পাচ্ছেন না বলেও অভিযোগ করেন আমিনুল। কারখানার ম্যানেজার শরিফ ওয়ালিউর রহমান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্তৃপক্ষ ব্যাংকে টাকা ওঠাতে গিয়েও সমস্যার কারণে পারেনি। আশা করি শিগগিরই বেতন হয়ে যাবে।” গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিয়েছি আমরা।” শ্রমিকরা অবরোধ তুলে নিলে বিকেল ৫টার কিছু আগে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/১৬৫৭ ঘ.