ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পর পাঁচ শ’র বেশি আসামি করে মামলা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানায় মামলাটি করার কথা জানান প্রক্টর কামলউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ রক্ষা ও ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য এ মামলা করা হয়েছে।
চশমা কেনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে নূর অপটিকসের কর্মচারী ইমরান হোসেনকে (২৮) ছুরিকাঘাতের জের ধরে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এ ছাড়া ওই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক ব্যাংক কর্মচারী।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীরা উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেছেন।
উপাচার্য অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনা তদন্তে বিজ্ঞান অনুষদের ডিন এজেডএম রুহুল মোমেনকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬২৫ ঘ.
bdnews24