বরিশাল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কীর্তনখোলার তীরে মুক্তিযোদ্ধা পার্কের উদ্বোধন এবং একটি পানি শোধনাগারসহ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সরকারের চলতি মেয়াদে বরিশালে এটি শেখ হাসিনার দ্বিতীয় সফর। এক বছর আগে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের এই বিভাগীয় শহর সফর করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বরিশাল নগরীকে আগেই ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজারের সদস্যকে মাঠে নামানো হয়েছে।
সকাল ১০টার পর হেলিকপ্টারে করে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে পৌঁছান শেখ হাসিনা। তার এই সফরকে কেন্দ্র করে বরিশাল নগরীকে সাজানো হয়েছে নতুন সাজে।
বঙ্গবন্ধু উদ্যান থেকে সার্কিট হাউজ পর্যন্ত রাস্তা মেরামত ও রাজা বাহাদুর সড়কের দুই পাশে রং করা হয়েছে। বঙ্গবন্ধু উদ্যান সাজানো হয়েছে সুন্দর ভাবে। লঞ্চঘাট সহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে তোরণ।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে বলা হয়েছে, বরিশাল পৌঁছেই কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্ক এবং বরিশাল নদী বন্দরের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করবেন তিনি।
কর্মকর্তারা জানান, বরিশাল মেরিন ওয়ার্কসপ এলাকায় ৮৬ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা পার্কে সাতশ মিটার ওয়াকওয়ে রয়েছে। বেঞ্চ রয়েছে ৬২টি। আর নৌ-বন্দরের দ্বিতল টার্মিনাল ভবন ও পন্টুনে ব্যয় হয়েছে ১৭ কোটি ৬০ লাখ টাকা।
নদী বন্দরে ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বরিশাল মেরিটাইম একাডেমি, বঙ্গবন্ধু অডিটোরিয়াম ও সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কর্মকর্তরা বলছেন, রূপাতলীতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই পানি শোধনাগার নির্মিত হলে নগরবাসীকে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ লিটার পরিশোধিত পানি সরবরাহ করা যাবে।
আর কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর প্রান্তে বঙ্গবন্ধু অডিটোরিয়ামের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ কোটি টাকা। ৫০০ আসনের এই মিলনায়তনে প্রদর্শনী গ্যালারী ও সম্মেলন কক্ষও থাকবে।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বরিশাল সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন এবং জেলার সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন।
বিকালে বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে উল্লেখ করা হয়েছে সফরসূচিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৪০ ঘ.
bdnews24