ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইএসআইয়ের সাবেক প্রধান আসাদ দুররানি পাকিস্তান সুপ্রিম কোর্টে অবৈধ অর্থ লেনদেনের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন, তার অনুলিপি চাইবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯৯১ সালে বাংলাদেশে নির্বাচনের আগে আইএসআই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অর্থ দিয়েছিল- গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী দীপুর মনি অনুলিপি চাওয়ার কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। কিন্তু খালিজ টাইমসে যা প্রকাশিত হয়েছে, কেবল সেটুকুই আমরা জানি।”
আইএসআইয়ের বিরুদ্ধে দেশে-বিদেশে অবৈধ পন্থায় অর্থ লেনদেনের অভিযোগ করে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খানের একটি আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট স¤প্রতি বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। এরই অংশ হিসেবে প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে দেশটির সর্বোচ্চ আদালতের একটি বেঞ্চে গত বুধবার সাক্ষ্য দেন আসাদ দুররানি।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বৃহস্পতিবার তাদের ভারত সংস্করণে জানায়, দুররানি ১৯৯১ সালে বিএনপিকে অর্থ দেওয়ার কথা শুনানিতে স্বীকার করেছেন। এর আগে একই ধরনের সংবাদ প্রকাশ করে মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমস।
এ সংক্রান্ত খবর প্রকাশের পর থেকেই এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।
প্রধানত দিল্লিভিত্তিক সংবাদ মাধ্যমেই এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দীপু মনি বলেন, “আমি শুধু খালিজ টাইমসের লেখাটাই দেখেছি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ১০ মার্চ বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে পাকিস্তানের কাছ থেকে অর্থ নেওয়ার কথা তুলে ধরেন। এরপর ১২ মার্চ নয়া পল্টনের জনসভায় ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, তাদের বিদেশি টাকার প্রয়োজন নেই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তারা ইতোমধ্যে আসাদ দুররানির বক্তব্যের অনুলিপি সংগ্রহ করেছেন। এতে বিএনপিকে অর্থ দেওয়ার কোনো কথাই দুররানি বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৬২২ ঘ.
bdnews24