২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার সাথে কোনো দেনা পাওনা নেই: তৌকির

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বোনের দায়ের করা মামলার কারণে ‘বিব্রত’ অভিনেতা তৌকির আহমেদ বলেছেন, রাজেন্দ্রপুরের ‘নক্ষত্রবাড়ি রিসোর্ট’ নিয়ে বোনের সঙ্গে তার কোনো দেনা পাওনা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বোনের দায়ের করা মামলার কারণে ‘বিব্রত’ অভিনেতা তৌকির আহমেদ বলেছেন, রাজেন্দ্রপুরের ‘নক্ষত্রবাড়ি রিসোর্ট’ নিয়ে বোনের সঙ্গে তার কোনো দেনা পাওনা নেই। তৌকিরের বোন তানজিন হায়দার সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগ করেন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এক কোটিরও বেশি টাকা নিয়ে ওই রিসোর্টে নির্মাণের পর প্রতারণার মাধ্যমে সব নিজেদের নামে লিখিয়ে নিয়েছেন। এর প্রতিক্রিয়ায় তৌকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কাগজ হাতে পাইনি। যেহেতু এটি পারিবারিক একটি বিষয়, সেহেতু এ বিষয়ে কথা বলা আমার জন্যও বিব্রতকর।” “এটা খুবই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত”, বলেন এই অভিনেতা। নক্ষত্রবাড়ি রিসোর্টের সব কাগজপত্র হাতে আছে জানিয়ে তৌকির বলেন, “তাদের সঙ্গে আমার কোনো দেনা পাওনা নাই।” মহানগর হাকিম মো. শাহাদত হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে জানিয়েছেন, এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে। তৌকির ও বিপাশা দুজনেই উনিশ শ’ নব্বইয়ের দশকে টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় অভিনয় শিল্পী। অভিনেতা আবুল হায়াতের মেয়ে বিপাশা আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ‘জয়যাত্রা’ নির্মাণ করে তৌকির আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৪ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএল/আরএ/১৫৩৮ ঘ.