ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাকচাপায় দুইজন এবং যাত্রাবাড়ীর শনির আখড়ায় বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোরে বিমানবন্দর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মাছবাহী ট্রাকের চাপায় সখিনা বেগম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা এবং অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন।
এই দুর্ঘটনায় শেফালী বেগম (২৫) নামে আরেকজন আহত হয়েছেন।
এসআই জহুরুল বলেন, “সখিনা এক বিদেশগামী আত্মীয়কে বিদায় দিতে বিমানবন্দরে এসেছিলেন। ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।”
সখিনার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। দুর্ঘটনায় নিহত যুবক তার আত্মীয় বলে ধারণা করছে পুলিশ।
এদিকে ভোরে যাত্রাবাড়ীর শনির আখড়ায় একটি বাসের ধাক্কায় শাহীন হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহীন তার পরিবারের সঙ্গে কুমিল্লার মেঘনার মালিকার চর থেকে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। কিন্তু ভোরে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় আরেকটি বাস তাকে ধাক্কা দেয়।
শাহীনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে মারা গেছে।
উপপরিদর্শক এমরান হোসেন জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৯৪৫ ঘ.
bdnews24