২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাজার লুট: র‌্যাবের ‘সোর্স’ গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় একটি দরবার শরীফে একদল র‌্যাব সদস্যের টাকা লুটের ঘটনায় র‌্যাবের ‘সোর্স’ দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 06:19 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারায় একটি দরবার শরীফে একদল র‌্যাব সদস্যের টাকা লুটের ঘটনায় র‌্যাবের ‘সোর্স’ দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে র‌্যাব ‘সোর্স’ দিদারুল আলমকে জেলার আনোয়ারা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রোববার বিকালে তাকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে হাজির করিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে দিদার ঘটনায় যুক্ত থাকার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আনোয়ারা থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিদারকে গ্রেপ্তারের পর তাকে রোববার আদালতে হাজির করানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বলেন, দিদার আদালতে স্বীকারোক্তিমূুলক জবানবন্দি দিয়েছেন। আনোয়ারা তালসরা দরবার শরিফের দুই কোটি সাত হাজার টাকা লুটের ঘটনায় র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ র‌্যাবের ১০ সদস্যকে আসামি করে আনোয়ারা থানায় একটি ডাকাতি মামলা হয় মঙ্গলবার। দরবার শরিফের পীরের গাড়িচালক মো. ইদ্রিসের করা মামলায় র‌্যাবের দুই সোর্স দিদারুল আলম ও আনোয়ার মিয়াকেও আসামি করা হয়। গত বছরের ৪ নভেম্বর আনোয়ারায় দরবার শরিফে গিয়ে র‌্যাব সদস্যরা তল্লাশির নামে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগ আনা হয় মামলায়। এতে জুলফিকার আলীসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/০০২১ ঘ.