সিলেট, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সদর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
রোববার দুপুর দেড়টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের লালারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মনসুর আহমদ (২৪) টুকেরগাঁও এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মনসুরের মৃত্যু হয়।
এসময় আহত হন তার ভাই কয়েছ আহমদ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬২০ ঘ.
bdnews24