২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ঝড়ে তিনশ ঘর বিধ্বস্ত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শনিবার মধ্যরাতের পর কালবৈশাখীতে উড়ে গেছে তিন শতাধিক কাঁচা ঘর। উপড়ে পড়েছে অর্ধসহস্রাধিক গাছপালা, ক্ষতি হয়েছে মাঠের ফসলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 06:48 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

নেত্রকোনা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শনিবার মধ্যরাতের পর কালবৈশাখীতে উড়ে গেছে তিন শতাধিক কাঁচা ঘর। উপড়ে পড়েছে অর্ধসহস্রাধিক গাছপালা, ক্ষতি হয়েছে মাঠের ফসলের। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টায় সীমান্তবর্তী ১০টি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। রানীগাও, ভাসানকুড়া, বিশ্বনাথপুর, বরুয়াকোনা, বটতলা, মধুকুড়া, কুড়াখালী, কচুগড়া, সুন্দরীঘাট ও খারনই গ্রামের তিন শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ইউএনও। খারনই ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম সিদ্দিক মণ্ডল জানান, তার ইউনিয়নের গ্রামগুলোতে বেশি ক্ষতি হয়েছে। এখানে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। সুন্দরীঘাট গ্রামের হাদিউল ইসলাম লিটন বলেন, আচমকা ঝড় শুরু হলে তার টিনের ঘর ভেঙে পড়ে। ঘর ভেঙে পড়ার কথা জানান মধূকূড়া গ্রামের সফির উদ্দিন, বটতলা গ্রামের রুস্তম আলীও। কলমাকান্দা থানার ওসি শহীদুল ইসলাম জানান, সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হলেও কোনো হতাহতের খবর তিনি পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২৪৫ ঘ.