খাগড়াছড়ি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি-পানছড়ি সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
শ্রমিকদের নিরাপত্তা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে রোববার সকাল থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ ওই সড়কে ধর্মঘট চলছিলো।
জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আশ্বাসের ভিত্তিতে দুপুর ২টা থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জেলা প্রশাসক আগামী ২৭ মার্চের মধ্যে চাঁদাবাজদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিবহন মালিক শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন।
এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৭ মার্চের পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে বলে জানান তিনি।
খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস-উল হক ভূঁইয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে এই বৈঠক শুরু হয়।
গত ৯ মার্চ শিবমন্দির এলাকায় চাঁদার দাবিতে একটি চালবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয় দুস্কৃতকারীরা। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা পরদিন অর্ধদিবস হরতাল ও দিনব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
ট্রাক পোড়ানোর জন্য দায়ী কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩৮ ঘ.
bdnews24